কবিতার শিরোনাম —“মনোবিভ্রম”
কবি—হেমন্ত আফনান নানা ভাই
আজ সময় ঘুম থেকে ওঠেনি —
আমি উঠে পড়েছি সময়ের আগে।
আয়নার ভিতর দেখি,
আমার মুখটা হাঁটছে— ঘড়ির কাঁটার বিপরীতে,
আর চোখ দুটো মোমবাতির মতো নিভে যাচ্ছে
এক এক করে,
যেন অন্ধকারই আমার একমাত্র দৃষ্টিশক্তি।
রাস্তায় নেমে দেখি —
মানুষেরা উল্টো হেঁটে যাচ্ছে,
তাদের ছায়া মুখে মুখে ফিসফিস করছে—
“তুমি কে আর আমি কে?”
আমি বলতে যাই, কিন্তু শব্দগুলো পালিয়ে যায়
একটা নিঃশব্দ চিৎকারের গহ্বরে।
বাতাস আজ হালকা মাদক,
ঘ্রাণে কাঁপে আমার মগজ,
আমি শুনি—রঙ গাইছে,
আর স্বরগুলো নাচছে দেয়ালের ওপর—
একটা মৃত ঘড়ির ছন্দে।
হঠাৎ দেখি,
আমার মস্তিষ্কের ভেতরে বৃষ্টি হচ্ছে —
কালো, কুচকুচে , উন্মাদ বৃষ্টি।
আমি মাথা কাত করি,
আর পৃথিবী গড়িয়ে পড়ে পায়ের নিচে
একটা পুরোনো চিঠির মতো ছিঁড়ে।
আমার নাম আজ অর্থহীন,
আমার আত্মা আজ রক্তে ভেজা মেঘ,
আমি নিজেকে ছায়ায় মিশিয়ে দেখি —
ওখানে দাঁড়িয়ে আছে আরেক “আমি”,
যে আমাকে চেনে না,
তবু আমাকেই ভালোবাসে,
নিঃশব্দে, নিঃশর্তে।
তার ঠোঁটে আগুন,
তার চোখে বিষাদ,
সে বলে, “তুমি বাস্তব নও,
তুমি শুধু আমার নিঃশ্বাসের অর্ধেক।”
আমি হেসে বলি,
“তবুও আমি বেঁচে আছি —
তোমার অন্ধকারের আলো হয়ে,
তোমার মতই হেমন্তের হিমু হয়ে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন