কবিতার শিরোনাম — "না-থাকার প্রতিধ্বনি"
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
এই শহর আমার নয়,
রাস্তাগুলোও বোধহয় অন্য কারো স্বপ্নে বাঁধানো—
যেখানে আমি হাঁটি নিঃশব্দে,
আর পিছন থেকে ধরা পড়ে আমার না-থাকার প্রতিধ্বনি।
এই শহরের গাঢ় নীল শাড়ি,
যা সন্ধার আলোয় ঝলকে ওঠে,
সে তো নিলাঞ্জনা-
আমার চেনা কেউ নয়,
তবু মনে বেজে ওঠে তার আলতো হাঁটার শব্দ,
যেমন থেকে যায়
ভালোবাসার দীর্ঘশ্বাস আর হয়ে যাই আমি শূন্য ।
এই শহরের বাতাসেও আমি নেই,
কেবল কোনো ভাঙা গানের সুরে
আমার কবিতা গুলো জেগে উঠে,
আবার নিঃশব্দে মিলিয়ে যায় ট্র্যাফিক লাইটের সবুজ হলুদ লালের পদতলে
এই শহর আমার নয়—
এই শহর এক উড়ে যাওয়া চিঠি,
যেখানে প্রাপক আমি নই,
তবু শব্দে শব্দে জেগে ওঠে আমার হৃদয়ের অনুভূতি
প্রেরক তুমি - অসম্ভব সুন্দর উদাসিনী ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন