কবিতার শিরোনাম — wujuud (wউজুদ-বিশেষ অস্তিত্ব)
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
(কিছু অংশ বিশেষ)
রাতের আদি অন্ধকারে
কোনো এক অচেনা ধ্বনি বলেছিল—
“কুন" (كُنْ) হও।
সেই এক শব্দ থেকেই জন্ম নিলো আলো, (فيكون)!
তারার গায়ে লিখে দিলো
মানুষের প্রথম নীরবতা।
আমরা তখনও ছিলাম না,
কিন্তু আমাদের wujuud
প্রতিধ্বনির মতো ছড়িয়ে ছিল
শূন্য মহাবিশ্বের অগণিত সম্ভাবনায়।
হাজার কোটি আলোকবর্ষ পেরিয়ে
একদিন এক ফোঁটা নীল ধুলোয়
আমাদের শরীর গড়ল মাটি ও আগুনের সন্ধি।
কিন্তু প্রশ্নটা থেকেই গেল—
এই হৃদস্পন্দন কি কেবল রাসায়নিক বিস্ময়,
না কি কোনো অজানা প্রেমের অমর ইঙ্গিত,
যেখানে ঈশ্বর আর শূন্যতা
মিলেমিশে লিখছে আমাদের wujuud?
আমি তাকিয়ে থাকি গ্যালাক্সির ধূসর নদীতে,
দেখি—একেকটি তারা আসলে
আমাদের ভেতরে জ্বলে থাকা প্রেমেরই প্রতিচ্ছবি।
প্রেম, যে প্রেমে তুমি আর আমি
সময়কে ভেঙে ফেলে
এক মুহূর্তের জন্য হলেও
নিজেকে চিনে নেই।
তুমি কি জানো?
প্রিয়তমা,
তোমার চোখের ভেতর
আমি আমার হারানো wujuud খুঁজে পাই—
যেনো সমগ্র মহাবিশ্ব
তোমার নিঃশ্বাসের মধ্যে
শব্দহীন প্রার্থনা হয়ে বেঁচে থাকে।
কিন্তু প্রেমও কি চূড়ান্ত?
আমরা দুজন হাতে হাত রেখে
দেখেছিলাম—
তারারা জন্মায়, তারারা মরে,
কৃষ্ণগহ্বর গিলে নেয় আলো।
আমাদের শরীরের কোষগুলোও
প্রতিদিন জন্মায়, প্রতিদিন মরে।
তাহলে আমাদের wujuud কি কেবল
একটি ক্ষণস্থায়ী নৃত্য,
যেখানে মৃত্যু শেষ নয়—
বরং নতুন প্রশ্ন লয়?
আমি নিজেকে ভাঙি বারবার—
রক্তের, মনের, আত্মার,
প্রতিটি ভাঙনে খুঁজি
একটি চিরন্তন উত্তর।
কিন্তু যত খুঁজি,
তত বুঝি
উত্তর মানে আসলে আরেকটি পথ,
আরেকটি মহাবিশ্ব।
আমরা সম্পর্ক গড়ি, ভাঙি,
হাজারো মুখের ভালোবাসা লিখি,
তবু গভীর রাতে
বালিশের পাশে একা হয়ে
নিজের শূন্যতাই খুজি।
সেই শূন্যতার নামই হয়তো wujuud—
যেখানে মানুষ এবং মহাবিশ্ব
একটি অবিরাম কথোপকথনে বাঁধা থাকে।
প্রিয়তমা,
আমাদের শেষ রাতের এই কবিতা
হয়তো কেবল শব্দের মায়া।
কিন্তু যদি আগামীকাল আমরা না থাকি,
তবু এই শব্দগুলো
নক্ষত্রের আলো হয়ে
কোটি বছরের যাত্রায় বেঁচে থাকবে।
আমাদের wujuud তখন
হবে না শরীর বা স্মৃতি,
হবে না কাগজ বা কালি,
হবে শুধু এক নিঃশব্দ স্পন্দন—
যেখানে তুমি, আমি,
প্রেম, মৃত্যু,
সব প্রশ্ন, সব উত্তর
এক হয়ে যাবে অসীমের সাথে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন