আমি আর আমার সেই শূন্যতা



কবিতার শিরোনাম—আমি আর আমার সেই শূন্যতা
কবি—হেমন্ত আফনান  (নানাভাই) 


রাতের জানালায় বসে আছি,

বাতাসে ভেসে আসে অচেনা গন্ধ —

না, ফুলের নয়,

হয়তো কোনো ভুলে যাওয়া সময়ের শব্দ।


দূরে কোথাও একটা ট্রেন যায়,

বিষণ্ন হুইসেল বাজিয়ে;

আর আমি ভাবি —

আমার ভেতরের স্টেশনটা আজ

কেনো ফাঁকা পড়ে আছে?


কেনো আমার ভেতরের আমি

সারদের তারের টানে কাঁদে?

কেনো ভৈরবী রাগিনীর কান্নার সুরে

মনের গোপন দরজায় কড়া নাড়ে?


সেই গোপন দরজার পাড়ে,

অঘ্রাণের পৃথিবীর কাছে,

আমি আর আমার সেই শূন্যতা

একসাথে বসে চা খাই —


এক চামচ নিঃসঙ্গতা,

দুই চামচ স্মৃতি,

আর নিজেদের লুকিয়ে ফেলি

না-পাওয়া কথার ধোঁয়ার কুন্ডে।



(কবিতাটি অডিও তে শুনতে এখানে ক্লিক করুন) 

মন্তব্যসমূহ