কবিতার শিরোনাম — একটি হারানো বিজ্ঞপ্তি অস্মিতার নামে
কবি — হেমন্ত আফনান নানাভাই
হারিয়ে গেছে—
আমার অস্মিতা।
না, সে মুছে যায়নি...
সে এখনো আছে,
কিন্তু আর আগের মতো নেই।
কালো ব্লাউজে নীল শাড়ির কুচি,
কি অপরূপ ছিলো তার সাজের রুচি!
চোখে হালকা কাজলের ছোঁয়া,
আর হাওয়ায় উড়তে থাকা তার আচলটা—
যেনো বসন্তের কবিতার শেষ চরণ।
এখন সেই আচল নেই,
তার জায়গায়
কৃত্রিম সুগন্ধ, বিদেশি রঙ,
ওয়েস্টার্ন পোশাকের আধুনিক ঢঙ।
আগে তার হাসি ছিলো
আমার গ্রামের বিকেলবেলার নরম বাতাস,
চায়ের কাপে ডুবে যাওয়া নীল আকাশ।
এখন সেই হাসি—
ইনস্টাগ্রামের ফিল্টারে বন্দি,
এক অচেনা মুখের নিঃশব্দ অভিনয়।
ভুরু মাঝের তিলটা—
যা একদিন আমার কবিতার কেন্দ্রবিন্দু ছিলো,
আজ কনসিলারের তলায় লুকিয়ে যায়,
যেনো নিজেকেও দেখে সে লজ্জা পায়।
সে এখনো অস্মিতা,
কিন্তু সে আর আমার অস্মিতা নয়।
সে এখন ট্রেন্ডে চলে,
ভালোবাসাকে বলে “রিলেশনশিপ”,
চিঠিকে “চ্যাট”,
আর হৃদয়ের মানচিত্রে টানে
এক কালো সোশ্যাল মিডিয়ার ম্যাপ।
আর আমি—
আমার পুরোনো খাতার পাতায়
খুঁজে ফিরি সেই নীল শাড়ির গন্ধ,
সেই মিষ্টি কণ্ঠ,
যেটা কোকিলের ডাকে গলে যেতো
তার চুড়ির ঝনঝন আর হেমন্তের হাওয়ায়।
আমি জানি,
সে আর ফিরবে না—
তবু আমি প্রতিদিন লিখি
একটি হারানো বিজ্ঞপ্তি,
বিলি করে যাই শহরের অলিগলি,
যেনো কেউ পড়ে —
আর বুঝে,
আমার প্রিয়তমা হারিয়ে গেছে
আধুনিকতার মঞ্চে,
ওয়েস্টার্ন ছোঁয়ায়।
চোখে রোদচশমা, ঠোঁটে লিপস্টিক,
আর বুকের ভেতর—
পুরোনো অস্মিতাকে মুছে ফেলার চেষ্টা।
আমি এখনো অপেক্ষায়—
যদি কোনোদিন হাওয়ায় ভেসে আসে
সেই গাঢ় নীল আচলটা,
আমি চিনে নেবো তাকে,
আমি এখনো ভালোবাসি যাকে,
যেমন ভালোবাসে মৃত কবিতা—
তার প্রথম শব্দটাকে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন