কবিতার শিরোনাম — যতি চিহ্ন তুমি
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
(কিছু অংশ বিশেষ)
আমার হাত থেকে পিছলে পড়ে যায় মুঠোফোন—
চোখ লেগে আসে প্রবল ঘুমে।
ঘুমের মধ্যে দেখি
তোমার তামাগলা সোনালি হাতের তালু,
ঘেমে উঠেছে চৈত্রের ঝলসে ওঠা রোদে।
সেই হাত—
নৃত্য ভঙ্গিতে আমায় ইশারা করে,
ডাকে…
কাছে আসে,
আর আমায় আলতো ছুঁয়ে
বলে—
"শান্ত হও, আমি আছি তোমার পাশেই।"
আমি জানি,
তুমি নেই।
এ শুধু ভ্রম।
এ আমার ক্লান্ত মস্তিষ্কের
একটি কোমল প্রতারণা,
যা রাত গভীর হলে এসে দাঁড়ায়
শান্তির ছায়া হয়ে।
কারণ এই পৃথিবীতে
শুধু আমার মস্তিষ্কটাই জানে—
তোমাকে ছাড়া
আমার প্রতিটা দিন,
প্রতিটা মুহূর্ত,
প্রতিটা নিশ্বাস
কী অসমাপ্ত যন্ত্রণা বয়ে আনে—
না বলা মৃত্যুর মতো
এক দীর্ঘ নিঃশব্দ কষ্ট হয়ে।
তুমি ছিলে আমার সমস্ত শব্দের প্রথম ব্যঞ্জনা,
আর এখন—
তোমার অনুপস্থিতিই
আমার প্রতিটি কবিতার যতি চিহ্ন।
ঘুম যখন ভাঙে,
চোখ খুলে দেখি—
তোমার সেই হাত নেই,
শুধু বালিশে একটা অদৃশ্য উষ্ণতার রেখা ওঠে ভেসে,
যেন কেউ ঠিক এইমাত্র সরে গেছে পাশ থেকে।
তাই,
আমি আবার চোখ বুজে ফেলি,
কারণ জেগে থাকাটা এখন আরও বেশি কষ্টের—
জেগে থাকা মানে
প্রতিদিন তোমার অনুপস্থিতিকে
নতুন করে মানিয়ে নেওয়ার যুদ্ধ।
রাতের ঘুমই এখন
আমার প্রেম, আমার প্রতিরোধ,
আমার আত্মমর্যাদা।
তুমি না থেকেও
সেই ঘুমের ভেতর ফিরে আসো,
আমার শ্বাস ফেলার সুযোগ করে দাও।
আরো একদিন বেচে থাকার সুযোগ হয়ে যাও।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন