কবিতার শিরোনাম — ঈশ্বর তুমি তো জানো, আমি কবি নই
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
আমার বারান্দায়,
আমি কবিতা লিখতে আসিনি আজ এই মধ্যরাতে,
ঘড়িতে ঠিক রাত ৪টা ৫মিনিট বাজে,
শুধু বসে ছিলাম একা—
স্নিগ্ধ রজনীর সমীরণ গায়ে মেখে,
এলোমেলো চুলগুলো হাওয়ায় ভাসিয়ে দিয়ে।
চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছিল আমার মুখ—
আমি তাকিয়ে ছিলাম নিস্পন্দ বাতায়নের দিক,
হয়তো বা দেখছিলাম তার থেকেও অনেক বেশি দূরের গনন ,
যতটা দূরে চলে গেলে পাওয়া যায় শূন্যতা।
দবুও পাওয়া গেলোনা।
সেখানেও কিছুর একটা উপস্তিতি ছিলো।
যেখানে প্রতিটি দীর্ঘ শ্বাস ছিলো আমার অপূর্ণ অভিমানের রক্তাক্ত শিখর।
সেখানে আমি বাদেও আমার দীর্ঘশ্বাস ছিলো।
বসে ছিলাম অনেকক্ষণ,
একটা শব্দও লিখিনি তখন,
তবু মনে হচ্ছিল—
প্রতিটা নিশ্বাসেই ছাপ পড়ে যাচ্ছে
একটি অদৃশ্য কবিতা।
না, এটি কোনো প্রেমের কবিতা নয়,
না কোনো অভিযোগ, অভিলাষ, কিংবা প্রতারণার।
এ নয় কোনো প্রতিবাদী বা সামাজিক কবিতা—
শুধু হৃদয়ের একটি জানালা খোলা রেখেছিলাম
শূন্যতা ঢুকবে বলে।
আকাশ-ভাঙা রাত ছিল সেটা,
নীরবতার চিৎকারে কাঁপছিল
বারান্দার লোহার হাড়গোড়।
ভালোবাসা, অভিমান, মৃত্যু, জন্ম ও জীবনের অহেতুক ভার,
আরো ছিল—
অর্জনের নামে লোভের পাহাড়।
তবু আজবভাবে,
বাতাসে মায়ের কণ্ঠ ভেসে এলো—
এই রাত মৃদুস্বরে আমার কানে বলে গেল,
ভোরের পাখির গানে মিশে—
“তুমি লিখতে চাও না বলেই তো
তোমার বুক ফুঁড়ে বেরিয়ে আসে কবিতা।”
যা তুমি লিখতে চাও না,
পড়তে চাও না,
কাঁদতে চাও না।
এমনকি নিজের লেখা কবিতাও
তুমি মনে রাখতে চাও না।
যখন মায়ের কণ্ঠধ্বনি মিলিয়ে যায়
ভোরের আলোর সাথে—
কালো আকাশের বাস্তবতা ছেড়ে
দিনের মিথ্যে নীলে হারিয়ে,
তখন আমার চোখের কোণ থেকে
নীরব এক মুক্তা গড়িয়ে পড়ে—
আর সেই বিন্দু চিৎকার করে বলে—
হে স্নিগ্ধ সমীর, হে ছিন্ন ছায়া,
হে রাতের জিন, আরশের ফেরেস্তা,
পিচাশ, খবিশ বা প্রাক্তন প্রেমিকার ছায়া,
অথবা মানুষের লোভের থাবা—
আমি কেবল বসে ছিলাম,
ভেঙে যাচ্ছিলাম নিজেই নিজের বুকের পাজর।
আর ঠিক তখনই
তুমি আমার বুকে গেঁথে দিলে একটুকরো কবিতা—
হে আমার ঈশ্বর,
আমার প্রতিপালক—
যা আমি লিখতে চাইনি মোটেও।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন